শুক্রবার এসব তথ্য জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, জেলার আট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘূর্ণিঝড় মোকাবিলায় বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়েছে।
রাত ৯টায় চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, এখন পর্যন্ত চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সংবাদ পাওয়ার কারণে আজ যাত্রী সংখ্যা ছিল কম। আবহাওয়ার পরবর্তী সংবাদ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ সমূহের তথ্য গণমাধ্যমকে প্রেরণ করেছেন। প্রাপ্ত তথ্যে উল্লেখ করা হয়- ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় জেলা ও উপজেলা কার্যালয় সমূহে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। জেলার নিয়ন্ত্রণ কক্ষের নম্বরগুলো হলো-০১৭০০৭১৬৭০১, টেলিফোন নম্বর- ০২৩৩৪৪৮৭৫৯৬ অথবা ০২৩৩৪৪৮৭৪৭২ এবং ই-মেইল- [email protected]।
এদিকে, চাঁদপুরের পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদী উপকূলীয় এলাকায় সচেতনতামূলক মাইকিং অব্যাহত রেখেছে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন। একইসঙ্গে শহর ও আশপাশে ঘূর্ণিঝড় মোখা সম্পর্কে সর্বসাধারণকে সতর্ক থাকার জন্য প্রচারণা চালাচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, ঘূর্ণিঝড় মোখা পূর্ব এবং পরবর্তী সময়ের সতর্কতা বিষয়ে নৌ মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে। জনগণের জান-মালের নিরাপত্তার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে লঞ্চঘাট ও ছোট নৌযানগুলো নিরাপদে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।