শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মাউলী ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আমিনুল ওই গ্রামের মৃত আব্দুর রহমান খাকির ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।
.png)
জানা গেছে, তেলিডাঙ্গা গ্রামে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। একটি গ্রুপের নেতৃত্ব দেন গফফার শেখ এবং অন্যপক্ষের নেতৃত্ব দিতেন নিহত আমিনুল ইসলাম খাকি।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আমিনুল নিজবাড়ি থেকে চান্দেরচর বাজারে চেম্বারে যাচ্ছিলেন। বাড়ি থেকে কিছুদূর যাওয়ার পর প্রতিপক্ষ গ্রুপের লোকজন পূর্বপরিকল্পিতভাবে আমিনুলের মোটরসাইকেল গতিরোধ করেন। এ সময় পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলেন এবং লাঠি, রামদা, রডসহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন।
এ সময় স্থানীয় লোকজন আমিনুলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এরই মধ্যে এ বিরোধের নিরসন করা হয়েছে। উভয়পক্ষ গ্রামে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। হঠাৎ করে ঘটনাটি ঘটে যায়। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।