শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার রাত আড়াইটার দিকে ঢাকার পল্লবী এলাকা থেকে ২ তরণীকে উদ্ধার করা হয়। এর আগে, গত ৩০ এপ্রিল তারা নিখোঁজ হন।
এসপি আরো বলেন, গত ১ মে নিখোঁজ ২ তরণীর অভিভাবক সুধারাম মডেল থানায় দুটি ডায়েরি করেন। এরপর তাদের উদ্ধারে জেলা ডিবি পুলিশের একটি দল তদন্তে নামে। তদন্তে জানা যায়, নিখোঁজ তরুণীরা একে অপরের বান্ধবী। তাদের একজন (২০) বছর বয়সি শিক্ষার্থী, অপরজন ১৯ বছর বয়সি, তিনি এক প্রবাসীর স্ত্রী। উভয়েই সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটকে আসক্ত। টিকটক ব্যবহারের একপর্যায়ে তাদের সঙ্গে ঢাকার একটি টিকটকার দলের সঙ্গে পরিচয় হয়।
.png)
অপর এক প্রশ্নের জবাবে এসপি বলেন, পরিচয়ের একপর্যায়ে ঢাকার ওই টিকটকার দল তাদের জীবনকে উপভোগ করার রঙিন জীবনের স্বপ্ন দেখায়। রঙিন দুনিয়ার মোহে পড়ে ৩০ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে একসঙ্গে দুই বান্ধবী ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যান। ঘটনার পাঁচদিন পর জেলা ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহ ও ঢাকায় টানা ৩০ ঘণ্টা অভিযান চালিয়ে টিকটকার দলের অস্থায়ী আবাসের সন্ধান পান। পরে ঢাকার পল্লবী থানা এলাকায় টিকটকারদের অস্থায়ী আবাসে অভিযান চালায় পুলিশ। টিকটক দলটি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ২ তরুণীকে রেখে পালিয়ে যান। পরে ডিবি পুলিশ তাদের উদ্ধার করেন।
পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা আরো বলেন, যথা সময়ে উদ্ধার না হলে ওই ২ তরুণীকে ভারতে পাচার বা জোরপূর্বক পতিতাবৃত্তির শিকার হতেন বলে ধারণা করা হচ্ছে। ঢাকার ওই টিকটক দলটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।