ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীপুরে গণপিটুনীতে ডাকাত নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৭, ৪ মে ২০২৩
শ্রীপুরে গণপিটুনীতে ডাকাত নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে গ্রামবাসীর গণ পিটুনীতে সুলতান নামের এক  ডাকাত নিহত হয়েছেন। বুধবার রাত দেড়টার দিকে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউপির বেড়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। 

শ্রীপুর থানার ওসি আবুল ফজল মো. নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সুলতান ডাকাত একই ইউপির সূর্য নারায়নপুর (নতুন বাজার) গ্রামের প্রয়াত হাসু মুন্সির ছেলে। তিনি ইট-বালু (সাপ্লায়ার) ব্যবসায়ী ছিলেন এবং একই উপজেলার রাজাবাড়ী ইউপির গজারিয়া গ্রামের শ্বশুর বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Advertisement

জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে ৪-৫ জনের একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাত দল তার ছোট ভাই দানিছের ঘরের দরজার শিকল বাহির থেকে আটকিয়ে দেয়। শব্দ পেয়ে বাইরে কে জিজ্ঞাসা করলে ডাকাতরা তার বড় ভাইকে বলে তুই ঘর থেকে বের হবি না। এ কথা শুনে তার ছোট ভাই ডাক চিৎকার শুরু করলে ডাকাতেরা পালিয়ে যায়। চিৎকার শুনে পাশের বাড়ি থেকে মোশারফের অপর ছোট ভাই সোহেল এসে দানিছের ঘরের দরজার শিকল খুলে দেয়। পরে তারা তিন ভাই মিলে ডাকাতদের ধাওয়া করলে পাশের ধান খেতে আটক করে। এ সময় ডাকাতদের ধরতে চাইলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতরা তার দুই ছোট ভাই সোহেল ও দানিছকে লোহার রড ও পাইপ দিয়ে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করে। পরে দৌড়ে পালানোর সময় ডাকাত সুলতান উদ্দিনের পা ধান খেতের কাদায় আটকে গেলে তাকে আটক করে। পরে তাকে ধরে এনে বাড়ির পাশের সেগুন গাছে বেঁধে রাখে। সকালে খবর পেয়ে গ্রামবাসী ডাকাত সুলতানকে পিটিয়ে হত্যা করে।  

নিহতের স্ত্রী রীনা বলেন, রাত সাড়ে ৮ টার দিকে সুলতান উদ্দিনকে গজারিয়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মো. হিরণ মোবাইল ফোনে ডেকে নেয়। পরে সকালে পাশের গোসিঙ্গা ইউপির বেড়াবাড়ী গ্রামে তাকে পিটিয়ে হত্যার খবর পেয়ে থানায় গিয়ে লাশ শনাক্ত করি। তিনি ইট-বালু (সাপ্লায়ার) ব্যবসা করতেন।

গোসিঙ্গা ইউপি চেয়রাম্যান সাইদুর রহমান শাহীন জানান, ডাকাত আটকের খবর পেয়ে সকাল ৮টার দিকে বেড়াবাড়ী গ্রামের মৃত রমিজ উদ্দিনের বাড়িতে যাই। পরে ওই বাড়ির পাশের সেগুন গাছের সঙ্গে সুলতান উদ্দিনকে রশি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পাই। এ সময় এখানে কেন আসছিলেন জিজ্ঞাসা করলে সে কোনো জবাব দেয়নি। তার সঙ্গে একই ইউপির নারায়নপুর গ্রামের আতিকুল এবং পাশের চাওবন গ্রামের শহীদুল্লাহ ও আব্দুল বাতেন ছিল বলে স্বীকার করেন।  

শ্রীপুর থানার ওসি আবুল ফজল মো. নাসিম জানান, গ্রামবাসীর পিটুনিতে নিহত সুলতান উদ্দিনের নামে ২০১৮ সালে পাশের কাপাসিয়া থানায় একটি ডাকাতি এবং মাদক মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!