ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদের মাঠে আতশবাজি ফুটানো নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৮, ২২ এপ্রিল ২০২৩
ঈদের মাঠে আতশবাজি ফুটানো নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
সংঘর্ষে আহতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের চিতলমারীতে ঈদের মাঠে আতশবাজি (পটকা) ফুটানো নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে চিতলমারী উপজেলার কাঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন- কাঠিপাড়া গ্রামের অহিদুল শেখ, আবুল হাসান, আলমগীর শেখ, মকবুল শেখ, রবিউল ইসলাম, কালু শেখ এবং আদিখালী গ্রামের খায়রুল ইসলাম, ইসমাইল হোসেন, জুয়েল শেখ, মোহম্মদ শেখ, শাহজাহান শেখ, রবিউল শেখ ও স্বাধীন শেখ।

জানা যায়, শনিবার সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোকানপাট বসে। এ সময় কাঠিপাড়া গ্রামের অহিদুল শেখের চটপটির দোকানের মধ্যে আদিখালী গ্রামের কিশোর স্বাধীন শেখ ও খাইরুল আতশবাজিতে আগুন ধরিয়ে ছুড়ে মারে। এ নিয়ে কাঠিপাড়ার লোকজন স্বাধীন শেখকে মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে কাঠিপাড়া ও আদিখালী গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়।

Advertisement

চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!