স্থানীয়রা বলছেন, স্মরণকালের সবচেয়ে বেশি তাপমাত্রা এখন জেলাজুড়ে। এমন পরিস্থিতিতে মহান আল্লাহ তায়ালার নিকট বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকার নামাজ আদায় ও মোনাজাত করেছেন চাঁপাইনবাবগঞ্জবাসী।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে সন্ন্যাসী মাঠে ইসতিসকার নামাজ আদায় করেন শতাধিক মুসল্লি।
.png)
এ নামাজে ইমামতি করেন চাতরা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মাতিন। নামাজ শেষে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এতে শাহবাজপুর এলাকার সর্বসাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
নামাজ পড়তে আসা স্কুলছাত্র সাকিব আলী বলেন, প্রায় দুই মাসের বেশি সময় ধরে বৃষ্টি হয় না। রমজান মাসে এমন তাপমাত্রাও সইতে পারছি না। আমাদের এলাকায় আম বাগান বেশি রয়েছে অতিরিক্ত দাবদাহে আমের গুটি ঝরে যাচ্ছে। তাই বৃষ্টি হওয়ার আশায় নামাজ পড়তে এসেছি।
নামাজপূর্বে সংক্ষিপ্ত বয়ানে মাওলানা আব্দুল মাতিন বলেন, পৃথিবীর মাটি যখন শুকিয়ে যায় তখন অনাবৃষ্টি বা খরা দেখা দেয়। এই নামাজ ঈদের নামাজের সময়ের মতোই। মসজিদে নয় বরং খোলা মাঠে জামাতের সঙ্গে আদায় করতে হয়। এই নামাজে কোনো আজান নেই।