ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ১৪ এপ্রিল ২০২৩
টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
আটককৃত রোহিঙ্গা যুবক- ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পৃথক তিনটি অভিযানে দুই লাখ ১০ হাজার ইয়াবা এবং ৩৬০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানান। আটককৃত মো. আব্দুর শুক্কুর টেকনাফের জাদিমোড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

জানা যায়, বুধবার রাতে টেকনাফের আচারবানিয়া এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে- এমন খবর পেয়ে বিজিবির একটি টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমার সীমান্তের শূন্য লাইন থেকে দুইজনকে দুইটি বস্তা কাঁধে নিয়ে নাফনদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি। থামতে বললে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যান। পরে টেকনাফ উপজেলার আচারবানিয়া ও শাহপরীর দ্বীপ থেকে দুই লাখ ইয়াবা ও ৩৬০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

Advertisement

একইদিনে আরো একটি অভিযান চালানো হয় উপজেলার জালিয়ার দ্বীপে। এ সময় রোহিঙ্গা যুবক আব্দুর শুক্কুরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে জালিয়ার দ্বীপের দক্ষিণ-পূর্ব পাশের একটি বালুর মাঠ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত রোহিঙ্গা যুবকসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!