ওই নির্দেশনায় বলা হয়, গত ৫ এপ্রিল গাজীপুর সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা করা হয়েছে। সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণবিধি) বিধিমালা, ২০১৬ এর ৫ বিধি অনুয়ায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোনো নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। তথাপি গাজীপুর সিটির অধিকাংশ এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট লাগানো হয়েছে। সেই সঙ্গে দেয়ালে লিখন দেখা যাচ্ছে। এ ধরনের কার্যক্রম সিটি কর্পোরেশন (নির্বাচন আচরন) বিধিমালা, ২০১৬ এর সুস্পষ্ট লঙ্ঘন।
এমতাবস্থায় আগামী ১৩ এপ্রিলের মধ্যে ওইসব নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে লাগানো পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট সংশ্লিষ্ট ব্যাক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক নিজ উদ্যোগে ও নিজ খরচে অপসারণ এবং দেয়ালে লিখন মুছে ফেলার অনুরোধ জানিয়ে শনিবার (৮ এপ্রিল) নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম বিজ্ঞপ্তি জারি করেন।
.png)
সেখানে আরো বলা হয়েছে, ঘোষিত সময়ের মধ্যে এসব অপসারণ না করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএন কামরুল হাসান বলেন, গাজীপুরে রাস্তাঘাটে শহর এলাকায় যে যেখানে পেরেছেন ইচ্ছে মতো ব্যানার পোস্টার লাগিয়েছেন। এসব আগামী ১৩ এপ্রিলের মধ্যে অপসারণ করতে নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ে এসব অপসারণ করা না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।