ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৬ ইউনিটের চেষ্টায় নিভলো গাজীপুরের আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৯, ২৮ মার্চ ২০২৩
৬ ইউনিটের চেষ্টায় নিভলো গাজীপুরের আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে একটি কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা।

মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকায় বিসমিল্লাহ গ্রুপের শাহরিয়াস কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে কারখানার কক্ষে থাকা তুলা ও সুতায় আগুন ছড়িয়ে পড়ে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন মুহূর্তের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। 

Advertisement

তিনি আরো জানান, পরে কাপাসিয়া ও জয়দেবপুর ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

এদিকে কারখানার সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) মো. শফিকুল ইসলাম অভিযোগ করেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা প্রায় পৌনে এক ঘণ্টা পর কারখানায় পৌঁছে। ততক্ষণে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, আগুনে কারখানায় থাকা বিপুল পরিমাণ তুলা, সুতা ও মেশিনারিজ পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে মিজানুর রহমান (৪০) নামের এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি ক্লিনিকে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান বলেন, খবর পাওয়ার পর পরই আমরা অগ্নিকাণ্ডের স্থলে চলে যাই। তবে কারখানায় যাওয়ার রাস্তা সরু হওয়ায় এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় ঘটনাস্থলে যেতে সমস্যা হয় এবং আগুন নেভানোর কাজ বিঘ্নিত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আরেফিন জানান, তিনটি ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনে কেউ দগ্ধ হয়েছে কিনা তার কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!