ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুলিশের পোশাক পরে বান্ধবীকে নিয়ে ঘোরাঘুরি, ভুয়া কনস্টেবল আটক

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৬, ১ এপ্রিল ২০২৩
পুলিশের পোশাক পরে বান্ধবীকে নিয়ে ঘোরাঘুরি, ভুয়া কনস্টেবল আটক
আটক মো. সাগর হোসেন

পুলিশের পোশাক পরে বান্ধবীকে নিয়ে রিকশায় ঘুরছিলেন মো. সাগর হোসেন (১৯) নামে এক যুবক। এ সময় পুলিশ সেজে প্রতারণা করার অভিযোগে ওই যুবককে আটক করেছে পুলিশ। 

আটক মো. সাগর হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।

শনিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আবদুল মান্নান।

Advertisement

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চান্দিনা উপজেলা সদর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশের একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, কিছুদিন পূর্বে সারাদেশে পুলিশ কনস্টেবল নিয়োগে তার চাকরি হয়েছে বলে বান্ধবীকে জানায়। এ সময় পুলিশের পোশাক পরে বান্ধবীকে ছবি তুলেও পাঠায়। এরই মধ্যে ওই বান্ধবীকে নৌ-বাহিনীতে চাকরি দেবে বলে প্রলোভন দেখাতে শুরু করে ওই যুবক। এরমধ্যে তার বান্ধবীর কাছ থেকে সব কাগজপত্রও নিয়ে নেন তিনি। ওই বান্ধবীর সঙ্গে চলা ঘনিষ্ট সম্পর্কের জেরে তাকে চাকরি দেবেন বলে শুক্রবার পোশাক পরে চান্দিনায় আসেন সাগর হোসেন।

বান্ধবীকে নিয়ে রিকশায় যাওয়ার পথে নজরে পড়ে চান্দিনা থানা পুলিশের। এ সময় চান্দিনা থানা পুলিশের কাছে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ঢাকায় কর্মরত আছে বলে দাবি করেন ওই যুবক।

তার কথায় গড়মিল থাকায় থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে তিনি জানান, বান্ধবীর কাছে নিজেকে পুলিশ পরিচয় দিতে এ কৌশল নিয়েছেন ওই যুবক। এ সময় তার কাছ থেকে পুলিশের একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!