ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে যুবকসহ ২ জন খুন

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৪, ৩১ মার্চ ২০২৩
যশোরে যুবকসহ ২ জন খুন
কিশোর নাহিদ হাসানের নিহতের ঘটনায় স্বজনদের আহাজারি

যশোরে পৃথক ঘটনায় এক যুবক ও এক কিশোর খুন হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ইউনুস (২২) নিহত হয়েছেন।

অপরদিকে, শহরের বারান্দি নাথপাড়ায় নাহিদ হাসান (১৭) নামে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছে। নাহিদ শহরতলী শেখহাটি তরফ নওয়াপাড়া এলাকার মোহাম্মদ বাচ্চু মোল্লার ছেলে।

আর ইউনুস যশোর সদর উপজেলার ঘুরুলিয়া সাদ্দামের মোড় এলাকার আব্দুল লতিফের ছেলে। তাদের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

Advertisement

স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ইউসুফের সঙ্গে বড় ভাবি সুরাইয়ার ঝগড়া-বিবাদ হয়। এই ঝগড়ার একপর্যায়ে ইউসুফ বড় ভাই ইউনুসের বুকে ছুরিকাঘাত করেন। রক্তাক্ত অবস্থায় স্বজনরা ইউনুসকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইউনুসের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

স্থানীয়রা আরো জানায়, হামলাকারী ইউসুফ মাদকসেবী। তার বিরুদ্ধে এলাকায় মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বড় ভাবি সুরাইয়াকে উত্ত্যক্ত করে আসছিলেন। এর জের ধরে ঝগড়া বিবাদ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

অপরদিকে, কিশোর গ্যাংয়ের বিরোধে যশোর শহরের বারান্দি নাথপাড়ায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে নাহিদ হাসান।

স্থানীয় সূত্র জানায়, নাহিদ তার বড় ভাই বোরহানের সঙ্গে শহরের আরএন রোডে মোটরপার্টসের দোকানে ব্যবসা করে। শুক্রবার রাতে পূর্ব পরিচিত হাসানকে (১৩) নিয়ে অজ্ঞাতপরিচয় কিশোর গ্রুপের সঙ্গে বারান্দি নাথপাড়া এলাকায় আড্ডা দিচ্ছিল। এ সময় সিনিয়র জুনিয়র নিয়ে বিবাদের জের ধরে ওই কিশোররা নাহিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় ছুরিকাঘাতে হাসানও আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। নাহিদের মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহত হাসানকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। 

যশোর পুলিশের মুখপাত্র ডিবির ওসি রূপন কুমার সরকার জানান, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক বিরোধে ঘুরুলিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। অন্যদিকে, বারান্দি নাথপাড়ায় কিশোর গ্রুপের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত হয়েছে। দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনা অনুসন্ধান ও জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: খুন যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!