ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৪, ২৮ মার্চ ২০২৩
কক্সবাজারে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন 
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত- ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় আহমদ কবির নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আহমদ কবির টেকনাফ সদরের ২ নম্বর ওয়ার্ডের মিঠাপানির ছড়ার উত্তর লম্বরী এলাকার মো. হোসেনের ছেলে। রায় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর আসামি নুর মোহাম্মদ প্রকাশ খুলু (পলাতক) এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, ২০২১ সালের ২৫ জানুয়ারি আহমদ কবিরের মুরগির খামার থেকে এক লাখ ২২ হাজার ১৪০টি ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের একজন কর্মকর্তা বাদী হয়ে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। টেকনাফ থানার তৎকালীন এসআই মো. আবদুল বাতেন মামলাটির তদন্ত শেষে ২০২১ সালের ৬ মার্চ আদালতে চার্জশিট জমা দেন। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!