নদীতে ভাসছিল পিকনিকে গিয়ে নিখোঁজ ছোট্ট তামিমের মরদেহ
লক্ষ্মীপুরের রায়পুরে পিকনিকে গিয়ে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী তামিম হোসেনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার সন্ধ্যায় চাঁদপুরের হাইমচর এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে ২১ ফেব্রুয়ারি মাদরাসার শিক্ষকসহ সহপাঠীদের সঙ্গে পিকনিকে গিয়ে নিখোঁজ হয় ৮ বছরের মাদরাসা ছাত্র তামিম হোসেন। তামিম আব্দুল আওয়াল দারুল উলুম মাদরাসার হাফিজী দ্বিতীয় বর্ষের ছাত্র ও চর ইন্দুরিয়া গ্রামের রতন সর্দারের ছেলে।
জানা গেছে, ২১ ফেব্রুয়ারি চর ইন্দুরিয়া আলতাফ মাস্টার মাছঘাটের একটি চরে পিকনিকে যায় ওই মাদরাসা থেকে শিক্ষকসহ ৩২ জন শিক্ষার্থী। বিকেলের দিকে হঠাৎ জোয়ার এসে পড়ায় তারা দ্রুত পিকনিকের ওই স্থান ত্যাগ করেন। পরে তারা নৌকায় উঠে দেখেন তামিম হোসেন নেই।
পরে শিক্ষকসহ বাকি ৩১ জন ফিরে এলেও ওই শিক্ষার্থীকে আর খুঁজে পাওয়া যায়নি। তাকে উদ্ধারে মাইকিংসহ নদীতে খোঁজ করেন স্বজনরা। পরে বুধবার সন্ধ্যায় তামিমের মরদেহ চাঁদপুরের হাইমচর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
ওই মাদরাসার প্রধান শিক্ষক কাউসার আহম্মেদ জানান, ২১ ফেব্রুয়ারি শোকের দিন ছিল, এ দিনে আনন্দের কোনো প্রোগ্রাম করা ঠিক হয়নি। শিক্ষার্থীদের অনুরোধে নদীর চরে যাওয়াই তাদের ভুল হয়েছে। হঠাৎ করে নদীতে জোয়ার আসায় সবাই দ্রুত নৌকায় উঠে পড়েছেন। তবে যে তামিম উঠেনি সেটা দায়িত্বরত শিক্ষকের চোখ এড়িয়ে যায়। আসলে এটা একটা দুর্ঘটনা। এ জন্য তিনি ও তার শিক্ষা প্রতিষ্ঠানের সবাই অনুতপ্ত ও শোকাহত।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, পিকনিকে গিয়ে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে তাদের স্বজনদের বুঝিয়ে দিয়েছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।