ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্ধবীর গায়ে হলুদ থেকে ফেরার পথে যুবককে হত্যা

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০০, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
বান্ধবীর গায়ে হলুদ থেকে ফেরার পথে যুবককে হত্যা
ফাইল ফটো

বরিশালের মুলাদীতে সহপাঠী এক বান্ধবীর গায়ে হলুদ থেকে বাড়ি ফেরার পথে আলী হোসেন মীর নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ওসি তুষার কুমার মন্ডল। এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলী হোসেন মীর চরপদ্মা গ্রামের বাবুল মীরের ছেলে। আলী হোসেন ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন।

নিহতের বাবা বাবুল মীর জানান, চার থেকে পাঁচদিন আগে তার ছেলে আলী হোসেন ঢাকা থেকে বাড়ি আসে। বৃহস্পতিবার বিকেলে বন্ধু এনায়েত হোসেনের সঙ্গে একই গ্রামের সাহেব আলী ঘরামীর বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে যায়। রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা আলী হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

Advertisement

আলী হোসেনের বন্ধু এনায়েত হোসেন জানান, গায়ে হলুদ অনুষ্ঠান শেষে আলী হোসেন বাড়ি যাওয়ার জন্য তাকে কিছু পথ এগিয়ে দিতে বলেন। কিছুদূর এগিয়ে দেওয়ার পর আলী হোসেন একাই বাড়ি যেতে পারবে বলে জানান। তখন আলী হোসেন একা বাড়ির দিকে রওনা হন। রাত সাড়ে ১১টার দিকে আলী হোসেন বাড়ি পৌঁছেছে কিনা জানতে তার মোবাইলে ফোন দিলে আলী হোসেন বলেন, বন্ধু আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে। এরপর আর কোনো কথা বলতে পারেননি আলী হোসেন।

এনায়েত আরো জানান, এ ঘটনা জানার সঙ্গে সঙ্গে আলী হোসেনের বাবা-মা ও অন্য স্বজনদের জানিয়ে তাকে রক্ষার জন্য বের হন। চরপদ্মা গ্রামের মেলকার বাড়ির পাশে গিয়ে আলী হোসেনকে রক্তাক্ত এবং অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। আলী হোসেনকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুলাদী থানার ওসি তুষার কুমার মন্ডল জানান, শুক্রবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের কারণ এবং কারা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!