ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরার ফয়সালের ১২ তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ৩০ জানুয়ারি ২০২৩
মাগুরার ফয়সালের ১২ তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
ছবি: সংগৃহীত

মাগুরার ফ্রি স্টাইলার ফুটবলার মাহমুদুল হাসান ফয়সাল মাত্র ২১ বছর বয়সে ১২ তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। মাত্র ৩০ সেকেন্ডে ২৯ বার ঘাড়ের ওপর বাস্কেট বল ঘুরিয়ে ১২ তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েন।

গত ২৮ জানুয়ারি তিনি সর্বশেষ এ রেকর্ড গড়েন। এর আগে  ৩০ সেকেন্ডে ৩৬ বার মাথার চারপাশে ফুটবল ঘুরিয়ে ১১ তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন ফয়সাল। গত বছরের ৩ মার্চ ১১ তম এ রেকর্ড গড়েন।  ফ্রি স্টাইলিস্ট ফুটবলার ফয়সাল মাত্র সাড়ে ৩ বছরে ১২ টি গিনেস রেকর্ড গড়েছেন। ফুটবল ও বাস্কেট বল আর্ম রোলিং ও নেক ক্যাচসহ বিভিন্ন ইভেন্টে তিনি এই  বিশ্ব রেকর্ড গড়েছেন।

এর আগে ৩০ সেকেন্ডে গোটা কপাল জুড়ে টানা ৪৬ বার ফুটবল ঘুরিয়ে দশম বারের মত গিনেস বুকে নাম লিখিয়েছেন তিনি। 

Advertisement

২০২০ সালে প্রতি ১ মিনিটে একটি ফুটবল টানা ৬৬ বার ঘাড় দিয়ে ওপরে ছুঁড়ে আবার তা ঘাড় দিয়ে গ্রহণ করায় গিনেস কর্তৃপক্ষ রেকর্ডের স্বীকৃতি দিয়েছিল। 

মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামের বাসিন্দা সোহেল রানা ও গৃহিনী মনজুয়ারা দম্পতির একমাত্র ছেলে মাহমুদুল হাসান ফয়সাল। তিনি মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউটের মেকাট্রনিক্স বিভাগের শেষ বর্ষের ছাত্র। ফয়সালের ইচ্ছা আগামীতে আরো নতুন-নতুন রেকর্ড গড়ার পাশাপাশি আন্তর্জাতিক ফ্রি স্টাইলার ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে দেশের মুখ বিশ্বের দরবারে আরও উঁচুতে তোলা। নতুন রেকর্ডের জন্য তিনি কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তার লক্ষ্য চলতি বছরে অন্তত ২৫ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার। এ জন্য তিনি সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!