ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধ করল প্রশাসন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের বালিথুবা গ্রামে অবৈধভাবে চালু হওয়া মেসার্স মা রহমত ব্রিকস নামে এক ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে ইটভাটার মালিক আলম তপদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার অভিযান পরিচালনা করেন। পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. হানান, থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল অভিযানে সহযোগিতা করে।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামের চারপাশে ফসলি জমি এবং এক কিলোমিটারের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকা স্বত্বেও কয়েক বছর বন্ধ থাকার পরও মেসার্স হাজী আব্দুল ওয়াদুদ অ্যাণ্ড মিয়াজী ব্রিকস নামে একটি পূর্বের ইটভাটার স্থানে মেসার্স মা-রহমত ব্রিকস নামে ইটভাটা সম্প্রতি চালু করে স্থানীয় ব্যবসায়ী আলম তপাদার। জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া ইটভাটা চালু হওয়ায় স্থানীয় লোকজন এবং কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে গত ১২ জানুয়ারি ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভায় অবৈধ ইটভাটা বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত হয়।
পরিবেশ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান জানান, জেলায় বর্তমানে ৯৩টি ইটভাটার মধ্যে ৫৩টি ইটভাটা বৈধ রয়েছে। গত এক বছরে ১৫টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি যেসব ইটভাটার বৈধতা নেই, প্রশাসনের সহযোগিতায় সেগুলো পর্যায়ক্রমে বন্ধ করার ব্যবস্থা করা হবে। আজ মেসার্স মা-রহমত ব্রিকস বন্ধ করা হয়েছে।
ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে ইটভাটা চালু করায় বালিথুবা পূর্ব ইউনিয়নের মেসার্স মা-রহমত ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ইটভাটা বন্ধ করে দেওয়া হয়।