ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভেড়ামারায় বাড়ছে ডায়রিয়া-নিউমোনিয়া রোগী

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ১৪ জানুয়ারি ২০২৩
ভেড়ামারায় বাড়ছে ডায়রিয়া-নিউমোনিয়া রোগী
ছবি: ডেইলি বাংলাদেশ

ভেড়ামারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই সপ্তাহ ধরে ঠান্ডাজনিত কারণে ডায়রিয়া, নিউমোনিয়া ও অ্যাজমা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত বয়স্ক ও শিশুরা। শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে রোগীর সংখ্যা। অন্যান্য বছরের তুলনায় এবারের শীতে হাসপাতালে ভর্তি শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি।

সরেজমিনে দেখা যায়, জরুরি বিভাগ ও শিশু ওয়ার্ডে রোগীদের ভিড়। প্রতিদিন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ১০ থেকে ১২ নবজাতক ও শিশুকে ভর্তি করা হচ্ছে। এসব শিশুদের কেউ কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত। হাসপাতালে ভর্তি হওয়ার পর অনেকে সুস্থ হয়ে উঠলেও অনেক নবজাতকের গুরুতর অবস্থাও দেখা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত সাতদিনে হাসপাতালে প্রায় ৫৬ জন শিশু রোগী ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যাই বেশি। এর মধ্যে বেশিরভাগ ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে শ্বাসকষ্ট ও অন্যান্য উপসর্গ নিয়ে বয়স্ক রোগীদেরও ভর্তি হতে দেখা গেছে।

সেবা নিতে আসা পৌর এলাকার মঠপাড়া গ্রামের বাসিন্দা ডেজি খাতুন বলেন, শীত বৃদ্ধি পাওয়ায় আমার শিশু সন্তান মোহাম্মদ মোস্তফা ঠান্ডা-জ্বর ও কাশি হয়েছে। তাই হাসপাতালে এনেছি। এসে দেখছি অনেক শিশুকেই হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

ডায়রিয়া আক্রান্ত এক শিশুর বাবা আসলাম উদ্দীন বলেন, শীত বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার বাচ্চার ডায়রিয়া শুরু হয়েছে। বেশ স্বাস্থ্য ঝুঁকিতে ছিল। হাসপাতালে ভর্তির পর এখন কিছুটা উন্নতির দিকে। 

ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোনিয়া ঘোষ বলেন, হঠাৎ শীত বেড়ে যাওয়ায় শিশুদের কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ভাইরাসজনিত ডায়রিয়া দেখা দিচ্ছে। এ জন্য শীতে শিশুদের বাড়তি যত্ন নেয়া প্রয়োজন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুষ্টিয়া
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!