[ দেশজুড়ে ]
ঘন কুয়াশায় অটোতে কাঠবোঝাই ট্রাকের ধাক্কা, প্রাণ গেল চালকের
ফাইল ছবি
ময়মনসিংহের নান্দাইলে ঘন কুয়াশায় কাঠবোঝাই ট্রাকের ধাক্কায় সাইদুর রহমান নামে এক অটোচালক নিহত হয়েছেন।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর উপজেলার চন্ডিপাশা ইউপির বাঁশহাটি গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
জানা যায়, শুক্রবার ভোরে নিজ অটোরিকশায় যাত্রী নিয়ে নান্দাইল চৌরাস্তার দিকে যাচ্ছিলেন সাইদুর। এ সময় ময়মনসিংহ কিশোরগঞ্জ হাইওয়ে রোডের নান্দাইল অংশের ডাংরি নামক স্থানে পৌঁছলে ঘন কুয়াশার কারণে কাঠবোঝাই একটি ট্রাক অটোতে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এ সময় আহত হন চালকসহ এক যাত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিলে অটোচালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নান্দাইল হাইওয়ে থানার ওসি আফজাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এতে অটোচালক নিহত হয়েছেন। আহত যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!