মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন
কিশোরগঞ্জের ভৈরবে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার বেলা ৩টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগরের মোখলেছুর রহমান ও মৌলভীবাজারের জুড়ি উপজেলার দক্ষিণ জাংগিরাই গ্রামের আব্দুল মালেক। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মোখলেছুর।
মামলার বিবরণ দিয়ে আদালতের পিপি (ভারপ্রাপ্ত) মো. আবু সাঈদ ইমাম জানান, ২০১৭ সালের ৩১ আগস্ট সকালে ভৈরবের দুর্জয় মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব। ওই সময় মোখলেছুর ও মালেককে আটক করা হয়। এ ঘটনায় ওই দিন রাতে ভৈরব থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এসআই সেলিম সরদার। পরদিন দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এরপর ২০১৭ সালের ২২ ডিসেম্বর মালেক ও মোখলেছুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ভৈরব থানার তৎকালীন এসআই মাজহারুল ইসলাম। পরে জামিনে বেরিয়ে মালেক পালিয়ে যান। দীর্ঘ শুনানি শেষে বুধবার এ রায় দেয় আদালত।