ঝালকাঠিতে স্ত্রীর মামলায় ব্যবসায়ী স্বামী কারাগারে
ঝালকাঠিতে স্ত্রীর দায়ের করা মামলায় মাল্টিপারপাস ব্যবসায়ী নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচএম ইমরানুর রহমান এ আদেশ দেন।
গত ৪ সেপ্টেম্বর নজরুল ইসলামের স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে যৌতুক আইনে তার স্বামীকে আসামি করে এ মামলা দায়ের করেন। অভিযুক্ত নজরুল শহরের কালীবাড়ি রোডস্থ দেশ সমবায় সমিতি নামে একটি মাল্টিপারপাসের ব্যবসা পরিচালনা করেন।
মামলায় উল্লেখ করা হয়, ৫০ হাজার টাকা দেনমোহরে ২০০৬ সালের ২ জুন পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। ৪ লাখ টাকা খরচ করে অতিথি আপ্যায়ন, স্বর্ণালংকার ও আসবাবপত্র দিয়ে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। দাম্পত্য জীবনে ৯ বছর বয়সী কন্যা ও দুই মাস বয়সী পুত্র সন্তান রয়েছে। এক বছর পূর্বে মাল্টিপারপাস ব্যবসা বড় করতে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন নজরুল। যৌতুকের টাকা না দেওয়ায় ভাড়া বাসায় কোনো খোঁজ নেয়া বন্ধ করে দেন। তবে মাঝে মাঝে যাতায়াত করতেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে পুরোপুরি খোঁজ নেয়া বন্ধ করে দেন। এ নিয়ে পারিবারিকভাবে সমাধানের জন্য একাধিকবার বৈঠকে বসলেও নজরুল তার যৌতুক হিসেবে দাবিকৃত টাকা পেতে অনড় থাকেন। এতে উপায় না পেয়ে পারভীন বেগম মামলা করেন। ৪ সেপ্টেম্বর দায়েরকৃত মামলাটি আদালত আমলে নিয়ে সমন জারি করে ১২ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য্য করেন। রোববার (২০ নভেম্বর) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।