৪০০ মোটরসাইকেলে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা
শরীয়তপুরে ৪০০ মোটরসাইকেল এবং ১৮টি ট্রাক-পিকআপ নিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে ‘ব্রাজিল ফ্যান ক্লাব’।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উক্ত স্থানে এসে শেষ হয়। এতে প্রায় দেড় হাজার ব্রাজিল সমর্থক অংশ নেন।
ব্রাজিলের জার্সি পরে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন বয়সের এবং শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রায় ছিল মোটরসাইকেল, ট্রাক ও পিকআপ শোডাউন এবং ব্যান্ড পার্টি। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ব্রাজিল সমর্থকরা হাত নেড়ে সমর্থন জানান।
আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়া ব্রাজিল সমর্থক সোহাগ মোল্লা, সাইফুল ইসলাম আকাশ, সানজিদ আহম্মেদ মুন্না ও শিহান খান জানান, খেলাধুলা মানুষের মন ও মেধাকে ভালো রাখে। তরুণ সমাজকে বিভিন্ন খারাপ কাজ ও মাদক থেকে দূরে রাখে। বিশ্বকাপ উন্মাদনাকে কাজে লাগিয়ে তরুণ সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতেই এ আয়োজন।
আয়োজক কমিটির সদস্য বিএম ইশ্রাফিল জানান, আগামী ২৫ তারিখ প্রিয় ব্রাজিল দলের খেলা। প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আনন্দ শোভাযাত্রা করেছি।
এদিকে, আগামীকাল শুক্রবার শরীয়তপুর শহরে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগেও একটি আনন্দ শোভাযাত্রা বের করা হবে বলে জানা গেছে।