ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
মেঘনায় নৌ-ভ্রমণে গিয়ে নিখোঁজ দুই মাদরাসাছাত্র 

লাশ মিলেছে গালিবের, মাহফুজ এখনো নিখোঁজ

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১২, ২৮ অক্টোবর ২০২২
লাশ মিলেছে গালিবের, মাহফুজ এখনো নিখোঁজ
মো. গালিব: ফাইল ফটো

নরসিংদীর মেঘনা নদীতে নৌ-ভ্রমণে গিয়ে নিখোঁজ দুই ছাত্রের মধ্যে হাফেজ মো. গালিব নামে একজনের সন্ধান পেয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার দুপুর ২টার দিকে জাল টেনে তাকে উদ্ধার করে। অপর নিখোঁজ মাহফুজের সন্ধান এখনো পাওয়া যায়নি।

নিখোঁজ হাফেজ গালিব পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। অপর নিখোঁজ হাফেজ মাহফুজ রায়পুরা উপজেলার বড়ইতলা এলাকার হারুন মিয়ার ছেলে। তারা দুজনই নরসিংদীর নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা গাবতলীর ছাত্র বলে জানান নিখোঁজ মো. গালিবের বাবা আজিজুল হক।

বৃহস্পতিবার বিকেলে মাদরাসা থেকে ছাত্র-শিক্ষকসহ প্রায় ৩২ জন মিলে বশখালিপুর এলাকার মেঘনা নদীতে নৌ-ভ্রমণে যায়। সেখানে একটি মাঠে ফুটবল খেলে শিক্ষার্থীরা। এক পর্যায়ে ফুটবলটি মেঘনা নদীতে পড়ে যায়। মো. গালিব ও মাহফুজ পানি থেকে ফুটবল উঠিয়ে আনতে গিয়ে পানিতে ডুবে যায়। সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ না পেয়ে শিক্ষকরা খবর দেয় তাদের পরিবারের কাছে। খবর পেয়ে রাতেই দু জনের পরিবরের সদস্যরা, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশকে খবর দিলে তারা  নিখোঁজ ছাত্রদের খোঁজাখুঁজি শুরু করেন। রাত ৯টা পর্যন্ত সন্ধান না পেয়ে বাড়িতে ফিরে যান। শুক্রবার সকালে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, ফায়ার সার্ভিস ও নৌপুলিশসহ স্বজনরা পুনরায় খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর ২টার দিকে ঘটনাস্থলের অদুরে হাফেজ মো. গালিবের লাশ উদ্ধার করে ডুবুরি দল।    

নরসিংদীর ফায়ার সার্ভিসের উপ-সহকারী মো. নুরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারের চেষ্টা চালানো হয়। গভীর স্রোতের কারণে রাত পর্ষন্ত তাদের কাউকে খুঁজে না পাওয়ায় স্থগিত করা হয়। শুক্রবার সকালে ঢাকা থেকে ডুবুরি দল আসার পর পুনরায় তল্লাশি চালিয়ে দুপুর ২টার দিকে হাফেজ মো. গালিবের লাশ উদ্ধার করা হয়। অপর নিখোঁজ মাহফুজের সন্ধান এখনো মিলেনি।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!