ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অপহরণের অভিযোগ, পুলিশ গিয়ে দেখল হোটেলে পরটা-ভাজি খাচ্ছেন সজল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪০, ২৬ অক্টোবর ২০২২
অপহরণের অভিযোগ, পুলিশ গিয়ে দেখল হোটেলে পরটা-ভাজি খাচ্ছেন সজল
ফাইল ছবি

ঢাকা থেকে নিখোঁজের ২০ দিন পর সজল কুমার রায় নামে এক ব্যক্তিকে চট্টগ্রাম থেকে উদ্ধার করে‌ছে পু‌লিশ। উদ্ধারের পর মঙ্গলবার তাকে ঢাকায় নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা-পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, সজল একজন কেমিকেল ব্যবসায়ী। গত ৩ অক্টোবর ডাক্তার দেখাতে বাইরে গেলে কিছু লোক তাকে তুলে নিয়ে যান উল্লেখ করে ৪ অক্টোবর থানায় অভিযোগ করেন তার স্ত্রী। ব্যবসায়িক বিরোধের জেরে তাকে তুলে নেয়া হতে পারে বলে দাবি করেন স্ত্রী।

অভিযোগ পেয়ে তাকে উদ্ধারে নামে পুলিশ। একপর্যায়ে প্রযুক্তির সহযোগিতায় তার অবস্থান চট্টগ্রামে বলে নিশ্চিত হওয়া যায়। এরপর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ঝুঁকি মাথায় নিয়েই চট্টগ্রামে পৌঁছায় পুলিশ। কিন্তু নির্দিষ্ট স্থানে গিয়ে দেখা যায়- এক বন্ধুকে সঙ্গে নিয়ে সেখানকার একটি হোটেলে পরটা-ভাজি খাচ্ছেন সজল। তাকে কেউ অপহরণও করেনি। উদ্ধারের পর স্বেচ্ছায় আত্মগোপনে থাকার বিষয়টি স্বীকার করেন তিনি।

ওসি মহসীন আরো বলেন, মূলত পাওনাদারদের হাত থেকে রক্ষা পেতেই পালিয়ে গিয়ে অপহরণের নাটক সাজান সজল। তিনি প্রথমে কিছুদিন গাজীপুর ছিলেন। এরপর মোহাম্মদপুরও থাকেন কয়েকদিন। এরপর চট্টগ্রামে চলে যান। এখানে এক বন্ধুর সঙ্গে ঘোরাফেরা করছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!