মোবাইলে ভূতের গল্প দেখতে গিয়ে অসুস্থ, নদীতে মিলল লাশ
নরসিংদীর শহরের হাড়িধোয়া নদী থেকে মামুন মোল্লা নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের হাজীপুর এলাকার হাড়িধোয়া নদীর আরশিনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামুন মোল্লার মা নাজমা বেগম জানান, মোবাইল দিয়ে সারারাত বিভিন্ন ভূতের গল্প দেখতে গিয়ে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে মামুন। তাকে তিনবার পাবনা মানসিক হাসপাতালেও ভর্তি করা হয়। কোনো ফল না হওয়ায় তিনদিন আগে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে বাড়ির পাশে অনিক নামে এক যুবক নদীতে লাশ ভাসতে দেখে জরুরি সেবায় ফোন করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। খবর পেয়ে মামুনের মা নাজমা বেগম লাশটি মামুনের বলে শনাক্ত করেন।
এসআই আব্দুর রাজ্জাক জানান, নদীতে ঝাঁপ দিয়েই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মামুন মোল্লা ছোট বেলা থেকেই হাজিপুরে তার মামার বাড়িতে বসবাস করে আসছে। তার পৈতৃক বাড়ি নারায়ণগঞ্জের ভুলতা এলাকায়। তার বাবার নাম জলিল মোল্লা। মামুন এসএসসি পাশের পর শিবপুরে একটি কলেজে এইচএসসিতে ভর্তি হয়েছিল।