ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কম দামে কিনুন বিএমডব্লিউ-রেঞ্জ রোভারসহ নামিদামি গাড়ি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৯, ১৬ সেপ্টেম্বর ২০২২
কম দামে কিনুন বিএমডব্লিউ-রেঞ্জ রোভারসহ নামিদামি গাড়ি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে আসা নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের ৭৯টি বিলাসবহুল গাড়ি নিলামে উঠছে। এসব গাড়ি বিশেষ সুবিধায় চট্টগ্রাম বন্দর দিয়ে এনে খালাস করেননি আমদানিকারকরা।

এসব গাড়ি নিলামে বিক্রির জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে এরই মধ্যে ক্লিয়ারেন্স পারমিট (সিপি) সংগ্রহ করেছে চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার ডেপুটি কমিশনার সন্তোষ সরেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে কার্নেট দি প্যাসেজ সুবিধায় আমদানি করা ৭৯টি গাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স পারমিট সংগ্রহ করেছে। সুতরাং নিলাম ক্রেতাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে নতুন করে ক্লিয়ারেন্স পারমিট সংগ্রহ করতে হবে না। এসব গাড়ির নিলাম হবে ই-অকশন পদ্ধতিতে। গাড়ি বিক্রিতে আমরা ভালো সাড়া পাব বলে আশা করছি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিলামে বিক্রি যোগ্য গাড়িগুলোর মধ্যে রয়েছে- বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুইজার, রেঞ্জ রোভার, জাগুয়ার, লেক্সাস ও মিটসুবিশি।

চট্টগ্রাম কাস্টম হাউসের ওয়েবসাইট ও জাতীয় রাজস্ববোর্ডের ওয়েবসাইটে ৭৯টি গাড়ির নিলাম সংক্রান্ত বিষয়ে তথ্য জানা যাবে। এসব ওয়বসাইটে রবিবার (১৮ সেপ্টেম্বর) থেকে দরপত্র সংগ্রহ করা যাবে। আগ্রহী ক্রেতারা ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দরে রক্ষিত গাড়িগুলো পরিদর্শন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গাড়ি পরিদর্শনের জন্য উল্লেখিত তারিখের তিনদিন আগে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজের ছবি ই-মেইল অথবা ০১৫৫০০০৫৩১১ নম্বরে হোয়াটসঅ্যাপে আবেদন করে পাস সংগ্রহ করতে হবে। ২২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ২৫ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউস ও জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রদর্শিত ই-অকশন লিংকে ঢুকে দরপত্র দাখিল করা যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!