ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বুড়িচংয়ে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ১১ সেপ্টেম্বর ২০২২
বুড়িচংয়ে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ছবিতে মনির হোসেন

কুমিল্লার বুড়িচং উপজেলায় মো. মনির হোসেন নামে এক সবজি ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সবজি ব্যবসায়ী মনির হোসেন দাউদকান্দি পৌরসভার ৪নং ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে।

নিহতের মা রেহেনা বেগম জানান, মনির হোসেন পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন। ভ্যানগাড়ি যোগে বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে সবজি কিনে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মনির তার মা রেহেনা বেগমের কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে ভ্যানগাড়ি দিয়ে সবজি কেনার জন্য নিমসার বাজারের উদ্দেশ্যে বের হন। রাতে মনির আর বাড়ি ফেরেননি। তার মা রোববার সকাল ৯টায় মোবাইল ফোনে জানতে পারেন নিমসার বাজার সংলগ্ন এলাকায় মনিরের লাশ পড়ে আছে।

খবর পেয়ে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই জাহিদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করা হয়। নিহতের মাথায় একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হয়েছে।

বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!