মাটি খুঁড়তেই মিলল যুবকের দেহ, বাবা-ভাই আটক
নোয়াখালীর বেগমগঞ্জে নিজ বাড়ির মাটি খুঁড়ে নূর হোসেন শাকিল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা-ভাইকে আটক করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে বেগমগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। একই দিন সন্ধ্যায় উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের লালপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ২৪ বছর বয়সী শাকিল লালপুর গ্রামের বশির হোসেন বাবুলের ছেলে। তিনি মাদকাসক্ত ছিলেন।
স্থানীয়রা জানায়, মাদক সেবন করে প্রায়ই মা-বাবা ও ভাইকে নির্যাতন করতেন শাকিল। নেশার টাকা না পেলে বিভিন্ন ধরনের অপকর্ম করতেন তিনি। এ নিয়ে প্রতিদিনই ঝগড়া হতো তার পরিবারে। একপর্যায়ে ৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে পরিবারের সবাই মিলে তাকে হত্যা করেন। এরপর নিজ বাড়ির পুকুরপাড়ে পুঁতে রাখেন মরদেহ।
এসপি মো. শহীদুল ইসলাম বলেন, গণমাধ্যমকর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় মাটি খুঁড়ে শাকিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর নিহতের বাবা, ভাই ও মাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মা ফাতেমা বেগমকে ছেড়ে দিলেও মামলার পর বাবা-ভাইকে গ্রেফতার দেখানো হয়েছে।