ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নগরকান্দায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-ছেলে নিহত

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২২
নগরকান্দায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-ছেলে নিহত
দুর্ঘটনা কবলিত অটোরিকশা- ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের নগরকান্দায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন।

সোমবার দুপুরে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- লিমা আক্তার ও তার পাঁচ বছর বয়সী ছেলে ইমরান। লিমা আক্তার পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার কাপুরা সদরদি গ্রামের ইকবাল মুন্সির স্ত্রী।

জানা যায়, লিমা আক্তার তার ছেলে ইমরানকে সঙ্গে নিয়ে ভবুকদিয়া বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় বাবার বাড়ি নগরকান্দা উপজেলার শ্রীরামদিয়া গ্রামে যাচ্ছিলেন। শ্রীরামদিয়া রেল ক্রসিং পার হওয়ার সময় ভাঙ্গা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রেনের সঙ্গে অটোরিকশাটি আটকিয়ে যাওয়ায় প্রায় দুই কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। এ সময় অটোরিকশা চালক ট্রেন আসছে দেখে লাফিয়ে পালিয়ে যান।

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ উপস্থিত হয়ে পৃথকস্থান থেকে লাশ দুইটি উদ্ধার করেছে। ট্রেনের ধাক্কায় দুইজনের লাশ দুই স্থানে পড়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!