কেনাবেচার রশিদ না থাকায় ডাবের তিন আড়তে জরিমানা
বগুড়ায় ডাব কেনাবেচার রশিদ না থাকায় তিন ব্যবসায়ীকে ৩ মামলায় ১৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হয়।
রোববার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বগুড়া শহরে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার জান্নাতুল নাইম। শহরের সাতমাথা, কালিতলা, সুলতানগঞ্জপাড়া ও খান্দারসহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কালিতলার সুমন সাহার ডাবের আড়তে ৫ হাজার টাকা, সুলতানগঞ্জপাড়ার দুই ভাই ডাবের আড়তকে ৩ হাজার টাকা ও খান্দার এলাকার ডাবের আড়তদার মঞ্জুর আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওই তিন আড়তদার ডাব কেনাবেচার রশিদ দেখাতে পারেননি বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
জেলা প্রশাসন সূত্র বলছে, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ডাবের বাজারে অভিযান চালানো হয়। ডাব কেনাবেচায় অনিয়ম পাওয়ায় ডাবের তিন আড়তদাকে জরিমানা করা হয়। এসময় শহরের খুচরা ডাব বিক্রেতাদের রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়।
জানা যায়, কৃষি বিপণন অধিদফতরের নির্দেশনা মোতাবেক কেনা মূল্যের চেয়ে বিক্রি মূল্য শতকরা ২৫ ভাগের বেশি হওয়া যাবে না। এ বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। অভিযানে ডাবের তিন আড়তে জরিমানা করা হলেও ছাড় পেয়েছেন খুচরা ব্যবসায়ীরা। তাদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে তাদের জরিমানা করা হবে। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।