প্রতিবন্ধীকে অপহরণ করে টাকা আাদায়ের চেষ্টা, গ্রেফতার ২
নোয়াখালীর বেগমগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় অপহৃত প্রতিবন্ধী যুবককে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জের রেজ্জাকপুর মধ্যমনি গ্রামের টিক্কা মিয়া চৌকিদার বাড়ির ইসমাঈল ফকিরের ছেলে আসামি মো. জসিম উদ্দিন রাজু এবং নোয়াখালী সদরের কাদিরহানিফ ইউপির দরবেশপুর গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে মো. দুলাল।
রোববার সকাল ১০টার দিকে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গত শনিবার রাতে বেগমগঞ্জ পৌরসভাস্থ কন্ট্রেকটার মসজিদ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ভুক্তভোগী খোরশেদ আলম সাগর একজন বুদ্ধি প্রতিবন্ধী। তার এই অসাহায়ত্বের সুযোগ নিয়ে তাকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে এবং ভুক্তভোগী সাগরকে উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা খোরশেদ আলম সাগরকে অপহরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিদের বেগমগঞ্জ থানায় হস্থান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।