ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিটুমিনের গাড়ি উল্টে দগ্ধ চালকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ২৫ আগস্ট ২০২২
বিটুমিনের গাড়ি উল্টে দগ্ধ চালকের মৃত্যু
গরম বিটুমিন থেকে গাড়িতে আগুন ধরে যায় -ফাইল ছবি

ময়মনসিংহে চাকা ফেটে বিটুমিনবাহী গাড়ি উল্টে আগুনে দগ্ধ চালক শাহজাহান মিয়া মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।

এর আগে, বুধবার সকালে নগরীর শম্ভুগঞ্জ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান শম্ভুগঞ্জের দুবলারচর এলাকার রশিদপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

জানা গেছে, জেলার তারাকান্দা উপজেলার গাছতলা বাজার এলাকায় সওজের সড়ক মেরামতের কাজ চলছিল। এজন্য শহর থেকে গরম বিটুমিন নিয়ে গাড়িটি সেখানে যাচ্ছিল। শম্ভুগঞ্জ মোড় এলাকা পর্যন্ত যেতেই গাড়িটির চাকা ফেটে উল্টে যায়। এতে গরম বিটুমিন থেকে আগুন ধরে যায়।

এ সময় হেলপার নেমে যেতে পারলেও চালক শাহজাহান লাফিয়ে নামার সময় দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, দুর্ঘটনায় দগ্ধ চালক বৃহস্পতিবার ভোরে ঢামেকে মারা যান। পরিবারের লোকজন কোনো ধরনের অভিযোগ না করে শাহবাগ থানায় লিখিত দিয়ে মরদেহ নিয়ে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!