ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিটুমিন নিয়ে আসা বিদেশি জাহাজ জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ১৮ জুন ২০২১
বিটুমিন নিয়ে আসা বিদেশি জাহাজ জব্দ
জাহাজ -ফাইল ছবি

চট্টগ্রামে আসা বিটুমিন বহনকারী বিদেশি জাহাজ ‘গোয়াং ঝু ওয়ান’ জব্দ করেছে নৌ বাণিজ্য দফতর। ২১ মে আরব আমিরাতের শারজাহ হামরিয়া সমুদ্রবন্দর থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায় জাহাজটি।

জানা গেছে, চীনের পতাকাবাহী এ জাহাজে রয়েছে দুই আমদানিকারক প্রতিষ্ঠানের ১১ হাজার ২২০ টন বিটুমিন। কিন্তু বন্দরের ডলফিন জেটিতে ভেড়ার অনুমতি না মেলায় বিটুমিনগুলো খালাস সম্ভব হয়নি। ফলে ২৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে জাহাজ মালিক ও সরবরাহকারীর বিরুদ্ধে মামলা করে আমদানিকারক প্রতিষ্ঠান পিএইচপি গ্রুপ।

এ মামলার শুনানি শেষে ৯ জুন জাহাজটি জব্দ করার নির্দেশ দেন উচ্চ আদালত। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জাহাজটি জব্দ করে নৌ বাণিজ্য দফতর।

দফতরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ব্যবসায়িক ক্ষতিপূরণ চেয়ে উচ্চ আদালতে মামলা করেছিল পিএইচপি গ্রুপ। ওই মামলায় আদালতের নির্দেশে জাহাজটি জব্দ করা হয়েছে। জাহাজটির তদারকি করবে চট্টগ্রাম বন্দর, কোস্টগার্ড ও নৌবাহিনী।

জাহাজটিতে থাকা বিটুমিনের অপর আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ইলিয়াছ ব্রাদার্স। দুই আমদানিকারক একসঙ্গে কাগজপত্র জমা দিয়ে বন্দর-কাস্টমস থেকে ছাড়পত্র না নিতে পারায় জাহাজটি সঠিক সময়ে জেটিতে ভিড়তে পারেনি বলে জানান শিপিং এজেন্ট কসকোল বাংলাদেশের প্রধান রিয়াজ উদ্দিন খান।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!