[ দেশজুড়ে ]
পাড়ে মায়ের কান্না, পুকুরে মিলল সন্তানের মরদেহ
ছবি : ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামে চকবাজার থানা এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে নগরীর চকবাজার থানার ওমর আলী মাতব্বর বাড়ি জামে মসজিদের পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
তবে পুকুরপাড়ে তিন শিশুর জুতা পাওয়ায় আরো এক শিশু পুকুরে নিখোঁজ রয়েছে বলে ধারণা স্থানীয়দের।
বিষয়টি নিশ্চিত করে চন্দনপুরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, শিশু দুটির নাম-পরিচয় জানতে পারিনি। তবে তাদের বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে।
তিনি আরো বলেন, রাত ১০টার দিকে খবর পেয়েছি। আমরা যাওয়ার আগেই শিশুদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ‘তবে পুকুরপাড়ে একসঙ্গে তিন জোড়া জুতা দেখতে পাওয়ায় স্থানীয়দের ধারণা আরো এক শিশু পুকুরে নিখোঁজ রয়েছে। আমরা ডুবুরি দিয়ে খোঁজাখুঁজি করেও আর কাউকে পাইনি।’
চকবাজার থানার উপপরিদর্শক কায়ছার হামিদ বলেন, ‘সন্ধ্যার পর শিশুরা পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে তাদের মায়েরা খবর পেয়ে পুকুরপাড়ে এসে কান্নাকাটি করলে স্থানীয়রা নেমে মরদেহ উদ্ধার করে।’
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!