ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, প্রেমিকসহ তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ২৪ আগস্ট ২০২২
প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, প্রেমিকসহ তিনজনের যাবজ্জীবন
দণ্ডিতদের কারাগারে পাঠায় আদালত

কুষ্টিয়ার মিরপুরে ৩০ বছর বয়সী বৃষ্টি খাতুনকে শ্বাসরোধে হত্যা মামলায় প্রেমিকসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা।

দণ্ডিতরা হলেন- মিরপুর উপজেলার কচুবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে শাহাবুদ্দিন আহমেদ ওরফে মঞ্জু, একই গ্রামের আবু মণ্ডলের ছেলে হেলাল উদ্দিন ও হাসেম আলীর ছেলে আশরাফুল আলম। এ মামলার বেকসুর খালাস পেয়েছেন আরো ৯ জন।

মামলার বিবরণ দিয়ে আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, ২০১২ সালের ১ জুলাই সকালে খালার বাড়িতে বেড়াতে যান বৃষ্টি। পরদিন বিকেলে খালার বাড়ি থেকে ফেরার পথে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পরদিন সকালে মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে মিরপুর-দৌলতপুর সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃষ্টির সঙ্গে শাহাবুদ্দিনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের কারণে বৃষ্টির কাছ থেকে টাকা ধার নেন শাহাবুদ্দিন। এরপর টাকা ফেরত চাইলে বৃষ্টিকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করেন শাহাবুদ্দিন এবং তার বন্ধু আশরাফুল ও হেলাল।

এ ঘটনায় ওই দিনই তিনজনের নামসহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন নিহতের বাবা আমিন বিশ্বাস। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে এ রায় দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!