চাকা ফেটে অটোরিকশা খাদে, নারী নিহত
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিকশার চাকা ফেটে সড়কের পাশে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নে চান্দুয়াইল গ্রামের দিঘীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ৩০ বছর বয়সী হাসিনা আক্তার একই উপজেলার শাহবাজগাঁও গ্রামের মো. মমিন আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, মুমূর্ষু আত্মীয়কে দেখতে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের জংগলবাড়ি গ্রামের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দেন নারী-শিশুসহ ১২ জন। ময়মনসিংহ এসে অটোরিকশা রিজার্ভ করে দুর্গাপুর হয়ে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। চান্দুয়াইল দিঘীরবাড়ি এলাকায় পৌঁছালে অটোরিকশার চাকা ফেটে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ছিটকে অনেক দূরে খাদের পানিতে তলিয়ে যান হাসিনা আক্তার। পরে আশপাশের লোকজন এসে চালকসহ যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, হাসিনা আক্তার, মমতাজ বেগম ও হোসেন মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আর গাড়িচালককে এখানে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে গেছেন। এর মধ্যে মমেক হাসপাতালে যাওয়ার পথে হাসিনা মারা যান।