চাঁদপুরে মাদক মামলায় একজনের পাঁচ বছরের কারাদণ্ড
চাঁদপুরে মাদক মামলায় মফিজুর রহমান ওরফে মতিন মিয়াজী নামে একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
রোববার বিকেলে চাঁদপুরের জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান এই রায় দেন। মফিজুর রহমান মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামের মৃত ওমর আলীর ছেলে। তবে রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
জানা গেছে, ২০১৫ সালের ২৩ জুন সকালে গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার পাল ও সঙ্গীয় ফোর্স ফেরিঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।এ সময় ফেরিঘাটে থাকা একটি অটোরিকশায় তল্লাশি চালান। ওই সময় ওই সিএনজিতে থাকা আসামি মফিজুর রহমান ওরফে মতিন মিয়াজী, মো. সেলিম, হানিফ ও অজ্ঞাতনামা অটোরিকশা চালককে আটক করতে গেলে মফিজুর রহমান ছাড়া বাকিরা পালিয়ে যায়।
পরে আটক মফিজুর রহমানের কাছ থেকে পাঁচটি প্যাকেটে দুই কেজি করে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই ঘটনায় মফিজুর রহমানসহ বাকী আসামিদের নামে মতলব দক্ষিণ থানায় মামলা করা হয়। তদন্তকারী কর্মকর্তা পরবর্তী মাস অর্থাৎ ৩০ জুলাই আদালতে চার্জশীট দাখিল করেন।
সরকার পক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোকতার আহমেদ অভি বলেন, প্রায় ৮ বছর মামলাটি চলমান অবস্থায় থাকা আদালত পাঁচজনের স্বাক্ষ্য গ্রহণ করে। স্বাক্ষ্য শেষে বিচারক এই রায় দেন।