লোকালয়ে মেছো বাঘের আনাগোনা, আতঙ্ক
লক্ষ্মীপুরের লোকালয়ে মেছো বাঘের আনাগোনা বেড়ে গেছে। বিভিন্ন ঝোপঝাড়ে প্রায়ই দেখা যায় এমন বাঘের বাচ্চা। এতে কৌতূহল জেগেছে সাধারণ মানুষের।
বুধবার সন্ধ্যার দিকে রায়পুরে মেছো বাঘের বাচ্চাটি দেখতে পায় মিল্লাত নামে এক যুবক। উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউপির ৬ নম্বর ওয়ার্ডের ছৈয়াল বাড়ির মোবাইল টাওয়ারের ঝোপ থেকে এটি উদ্ধার করেন তিনি।
স্থানীয় যুবকদের মাধ্যমে সংবাদ পান উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ। তাৎক্ষণিক উপজেলা বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সংরক্ষণের নির্দেশ দেন তিনি।
স্থানীয় কয়েকজন যুবক জানান, বাঘের বাচ্চাটি মিল্লাত প্রথমে দেখতে পায়। পরবর্তীতে বেশ কয়েকজন যুবক দেখেন। তারা বলছেন, লোকালয়ে এমন বাঘের বাচ্চা কিভাবে আসলো। কিংবা তাদের মা বাবা কোথায়। এর আগে সদরের টুমচর ও কমলনগরের কোন এক স্থানে মেছো বাঘ উদ্ধার হয়েছে। বড় বাঘ আছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করে।
দক্ষিণ চরআবাবিল ইউপি চেয়ারম্যান হাওলাদার নুরে আলম জিকু বলেন, বিপন্ন প্রাণীটি উদ্ধার করে স্থানীয় যুবকরা আইনশৃঙ্খলা বাহিনী ও বনবিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করেছেন।