বাজারে চুরির ঘটনায় ৩ নৈশ প্রহরী গ্রেফতার
ফেনীর পরশুরাম উপজেলা সদরে অবস্থিত একটি দোকানে চুরির অভিযোগে বাজারের তিন নৈশ প্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. কামাল উদ্দিন (৩২), মো. আবদুল জব্বার (৫০) ও মো. মনির হোসেন (৫০)।
গত ১২ আগস্ট রাতে পরশুরাম উপজেলা পরিষদ সড়কে অবস্থিত শাহজালাল হোটেলে চুরির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় বাজারের সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাজার বণিক সমিতির নেতা ও সদস্যরা তিন নৈশপ্রহরীকে শনাক্ত করেন এবং তাদেরকে বণিক সমিতির কার্যালয়ে নিয়ে পরশুরাম থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
পুলিশ জানায়, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নৈশপ্রহরীরা হোটেলের চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের (নৈশপ্রহরী) দেওয়া তথ্যমতে পুলিশ চুরি হওয়া বেশ কিছু মালামালও উদ্ধার করেছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, গত ১২ আগস্ট রাতে উপজেলা পরিষদ সড়কে অবস্থিত শাহজালাল হোটেলের শার্টার কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও মালামাল চুরি হয়। এ ব্যাপারে হোটেলের মালিক মো. আজিম উদ্দিন ভূঞা বাদী হয়ে বুধবার সন্ধ্যায় ওই তিন নৈশ প্রহরীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
পরশুরাম বাজার বণিক সমিতির সভাপতি লোকমান উজ জামান আল আজাদ জানান, সিসিটিভির ফুটেজ দেখে তিন নৈশ প্রহরীকে শনাক্ত করে পরশুরাম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পরশুরাম মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, তাদের দেওয়া তথ্যমতে বেশকিছু চোরাই মাল উদ্ধার করা হয়েছে। তাদেরকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।