অটোরিকশা চুরি করে পালানোর সময় নারীসহ দুইজন আটক
ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশাসহ চোর চক্রের এক নারীসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
আটকরা হলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাইরের চর গ্রামের আ. জব্বারের পুত্র দেলোয়ার ও একই গ্রামের মৃত আ. কাদিরের স্ত্রী আখি আক্তার।
বৃহস্পতিবার ১২ টার দিকে নান্দাইল পৌরসদরের ব্রিজ সংলগ্ন এই ঘটনা ঘটে।
নান্দাইল পৌরসভার কর আদায়কারী মাজাহারুল ইসলাম বলেন, অটোরিকশাটিকে দাঁড় করিয়েছিলাম পৌর কর আদায়ের জন্য। পেছন থেকে এক কিশোর চিৎকার করে বলছিল এদেরকে আটক করেন এইমাত্র আমার কাছ থেকে অটোরিকশা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। এই কথা শুনে অটোরিকশা চালক চোর চক্রের সদস্য দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন জনতা তাকে দৌড়ে আটক করে। এ সময় আরো আটক করা হয় যাত্রী বেশে গাড়িতে থাকা চোর চক্রের এক নারী সদস্যকে।
জানা যায়, এই কিশোরের অটোরিকশাটি ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী ইউপির খালবলা বাজার থেকে ভাড়া করে নান্দাইল চৌরাস্তা নিয়ে যায় তারা। সেখান থেকে আবার বাঁশাহাটি হয়ে আঠারোবাড়ীর ভেতর দিয়ে নান্দাইল অংশের চামারউল্লাহ বাজার এলাকায় গিয়ে কিশোরকে বলে ওই বাড়ি থেকে একটি ব্যাগ নিয়ে আসো। ছেলেটি বাড়িতে ব্যাগ আনতে যাওয়ার ফাঁকে চোর চক্রটি অটোরিকশা নিয়ে পালিয়ে আসে। ছেলেটি বাড়ি থেকে ব্যাগ নিয়ে ফিরে এসে অটোরিকশা না পেয়ে এদের পেছন পেছন ধাওয়া করতে থাকে। কিছুক্ষণ আসার পর পরিচিত একজনের মোটরসাইকেল যোগে অটোরিকশার পেছনে ছুটে আসে। এসে নান্দাইল পৌরসদরে সাধারণ মানুষের সহযোগিতায় ধরতে সক্ষম হয়।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার এসআই আ. সুবুর জানান, জনতার হাতে আটক অটোরিকশাসহ চোর চক্রের দুই সদস্য থানায় আটক রয়েছে। মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।