ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজারে টর্চার সেলের সন্ধান, পর্যটকসহ ৪ বন্দি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৩, ৮ আগস্ট ২০২২
কক্সবাজারে টর্চার সেলের সন্ধান, পর্যটকসহ ৪ বন্দি উদ্ধার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে টর্চার সেলের সন্ধান পাওয়া গেছে। পুলিশের অভিযানে টর্চার সেল থেকে বন্দি অবস্থায় পর্যটকসহ চারজনকে উদ্ধার করা হয়েছে। 

রোববার রাত ১১টা থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে সংঘবদ্ধ চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, কলাতলীর কটেজ জোন এলাকায় অভিযান চালানো হয়। তালা ভেঙে শিউলি কটেজ নামে একটি প্রতিষ্ঠানে ঢুকলে সংঘবদ্ধ অপরাধীরা বিকল্প পথে পালিয়ে যায়। এ সময় একটি কক্ষ থেকে জিম্মি অবস্থায় দুই পর্যটক ও দুই কিশোরকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ওই কক্ষ থেকে নির্যাতন করার নানা উপকরণও উদ্ধার করা হয়।

জানা যায়, সেখানে ৫-৬ জন ছেলে ও ৩ জন নারী ছিলেন। দালালের মাধ্যমে প্রলোভন দেখিয়ে পৃথকভাবে তাদের ওই কটেজে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রবেশ করার পর টাকা-পয়সা হাতিয়ে নিয়ে নারীদের সঙ্গে নানা আপত্তিকর ছবি তোলা হয়, মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। আরো টাকার জন্য পরিবারকে জানাতে করা হয় নির্যাতন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, কটেজ জোনে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রটির ১১ সদস্যকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ রকম আরো কয়েকটি কটেজে জিম্মি করে নির্যাতনের তথ্য ট্যুরিস্ট পুলিশের কাছে রয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!