[ দেশজুড়ে ]
পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর স্ত্রী হত্যা, যুবক গ্রেফতার
গ্রেফতার পনির
পূর্ব শত্রুতার জেরে গাজীপুরের কালীগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় মো. পনির (৪০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।
নিহত নাজমা বেগম (৪০) উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড চৈতারপাড়া গ্রামের প্রবাসী মোমেন মির্জার স্ত্রী। পনির কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের মৃত ইউনুছ আলী ছেলে।
পিবিআই পুলিশ সুপার বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতরা পরস্পর প্রতিবেশী। টাকা-পয়সা লেনদেন ও জায়গা জমি নিয়ে নাজমার সঙ্গে তাদের পূর্ব শত্রুতা ছিল। পরিকল্পিতভাবে আসামিরা নাজমাকে মাথায় আঘাত করে হত্যা করেন। এ ঘটনায় গ্রেফতার পনির তার সহযোগীদের ভূমিকা বর্ণনা করে গাজীপুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বাকি আসামিরা পলাতক। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান পিবিআইয়ের এ পুলিশ সুপার।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!