ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাড়ে ১৮ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ, কারাগারে ব্যবসায়ী

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ২ আগস্ট ২০২২
সাড়ে ১৮ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ, কারাগারে ব্যবসায়ী
খুলনা মহানগর দায়রা বিশেষ জজ আদালত

খুলনায় সোনালী ব্যাংক করপোরেট শাখার সাড়ে ১৮ কোটি টাকা আত্মসাতের মামলায় মেসার্স স্টার সি ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সালাউদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে মহানগর দায়রা বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মাহমুদা খাতুন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার মজিবর রহমান তথ্য নিশ্চিত করেন। শুনানিতে আদালতে রাষ্ট্রপক্ষের আরো দুই আইনজীবী লুৎফুল কবির নওরোজ ও সেলিম হাওলাদার উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০১৮ সালের ২৮ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে দেখা যায়, গোডাউনে মাছ না রেখে ভুয়া প্লেস দেখিয়ে সোনালী ব্যাংকের ১৮ কোটি ৫০ লাখ টাকা ঋণ নিয়ে মো. সালাউদ্দিন আত্মসাৎ করেছেন। এ ঘটনায় ২০২১ সালের ১১ আগস্ট দুদক, খুলনার উপ-পরিচালক মো. শাওন মিয়া বাদী হয়ে মামলা করেন। 

মামলায় মো. সালাউদ্দিনসহ সোনালী ব্যাংকের গোডাউন কিপার আব্দুল মান্নান হাওলাদার ও গ্রেড-২ অফিসার আব্দুর রহমান বাবুকে আসামি করা হয়।

আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, মামলার মূল আসামি সালাউদ্দিন উচ্চ আদালত থেকে বিভিন্ন সময়ে জামিনে ছিলেন। মেয়াদ শেষ হওয়ায় তিনি মহানগর দায়রা বিশেষ জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে বিচারক নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!