আকাশে ডানা মেলল ৩১৪ পাখি
বগুড়ায় দুপচাঁচিয়ায় অবৈধভাবে বন্যপাখি সংরক্ষণ করায় একজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে চার প্রজাতির ৩১৪টি বন্যপাখি অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার সকালে এসব পাখি অবমুক্ত করা হয়। এর আগে, সোমবার রাতে পৌনে ৯টার দিকে উপজেলার গুনাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম থেকে পাখিসহ সংরক্ষণকারীকে আটক করে জেলা ডিবি পুলিশ।
দণ্ডিত বন্যপাখি সংরক্ষণকারীর নাম আতোয়ার আলী সাকিদার। ৫২ বছরের আতোয়ার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের ওছিমুদ্দিন সাকিদারের ছেলে। তিনি বন্যপাখি ধরে বিক্রি করতেন।

পুলিশ জানায়, দীর্ঘ ৯-১০ বছর ধরে পাখি ধরে বিক্রি করছিলেন আতোয়ার। দেশের সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে ঘুরে পাখি ধরতেন তিনি। পরে এসব পাখি নিজ বাড়িতে সংরক্ষণ করে বেশি দামে বিক্রি করতেন। তিনি এবার ভারত থেকে আসা অতিথি পাখিগুলো ধরেন। এরপর রাজধানীসহ বিভিন্ন জেলায় বিক্রি করেন।
জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে আতোয়ারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চার প্রজাতির ৩১৪টি বন্যপাখি উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুমন জিহাদী।