ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুই বছর পর বাবা হত্যার প্রতিশোধ নিলেন ছেলে!

কুষ্টিয়া প্রতিনিধি  
প্রকাশিত: ১৯:৪২, ১ আগস্ট ২০২২
দুই বছর পর বাবা হত্যার প্রতিশোধ নিলেন ছেলে!
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে বাবা হত্যার প্রতিশোধ নিতে ২ বছর পর হত্যা মামলার ৪ নম্বর আসামি সেলিম নামের ব্যক্তিকে পায়ের রগ কেটে হত্যা করেছে নিহতের ছেলে ও চাচা। সোমবার সকালে সদকী ইউপিরসদকী চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ৪ জন নারীকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ।

নিহত সেলিম হোসেন সদকী ইউপির মহিষাখোলা গ্রামের মৃত সেকেন আলীর ছেলে। তিনি পেশায় ডাইং কারখানার শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, ২০২০ সালের ৬ মে সদকী চরপাড়া গ্রামের হুমায়ন নামের একজন ব্যক্তি খুন হন। এ হত্যা মামলায় সেলিম হোসেন ৪ নম্বর আসামি ছিলেন। সোমবার সকালে সেলিম নিহত হুমায়ুনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ছেলে রাজু এবং তার দুই ভাই আসলাম ও সাইদুল তাকে ধরে বাড়ির মধ্যে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে ফেলে রাখে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়। কুষ্টিয়া যাওয়ার পথে সেলিম মারা যান। 

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউল আরেফিন জানান, রোগীর দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় ৮-১০ জায়গায় গভীর ক্ষত ছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় প্রেরণ করা হয়।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, হত্যা মামলার ৪ নম্বর আসামিকে প্রতিপক্ষের লোকজন বাড়ির মধ্যে নিয়ে কুপিয়ে জখম করে। পরবর্তীতে চিকিৎসার জন্য কুষ্টিয়া নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এরইমধ্যে ৪ জন নারীকে আটক করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!