দীর্ঘদিন পর খুলনায় ফের চালু নগর পরিবহন
আড়াই বছর বন্ধ থাকার পর খুলনায় ফের চালু হয়েছে ফুলতলা-রূপসা রুটে নগর পরিবহন। সোমবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে ফুলতলায় নগর পরিবহন চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে ফুলতলা থেকে রূপসার উদ্দেশ্যে ছেড়ে যায় বাস। করোনার কারণে দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর চালু হওয়ার খবরে আনন্দিত যাত্রীরা।
খুলনা মোটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবর রহমান জানান, করোনার কারণে আড়াই বছর বন্ধ ছিল নগর পরিবহন। এ বিষয়ে খুলনার মিডিয়া, নিরাপদ সড়ক চাইসহ বিভিন্ন সামাজিক সংগঠনের দাবির প্রেক্ষিতে আজ থেকে নগর পরিবহন চালুর ব্যবস্থা করা হয়েছে। এদিন সকাল ৮টায় নগর পরিবহন চালুর ফুলতলায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ সময় আমি এবং খুলনা মোটর বাস মালিক সমিতির সভাপতি মো. হারুনর রশীদ ভুইয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।
তিনি বলেন, এই রুটে প্রাথমিকভাবে ৫/৬টি নগর পরিবহন (বাস) চলাচল শুরু হচ্ছে। নগর পরিবহন চলাচলের জন্য ফুলতলা থেকে দৌলতপুর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ১০ টাকা এবং সাধারণ যাত্রীদের জন্য ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর রূপসা থেকে ফুলতলা পর্যন্ত সাধারণ যাত্রীদের কাছ থেকে ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে অনেকেই নির্ধারিত ভাড়া দিতে চান না। যাত্রীদের যাতায়াতের দূরত্বের উপর ভাড়া নির্ধারিত হবে।
সুন্দরবন ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী আকসেদুল হক জানান, নগর পরিবহন যাত্রীদের জন্য সহজলভ্য। স্বল্প ভাড়ায় এই পরিবহনে শিক্ষার্থীরা যাতায়াত করতে পারে। দীর্ঘদিন এই পরিবহনটি বন্ধ থাকার পর চালু হওয়ায় শিক্ষার্থীদের জন্য সুবিধা হলো।
জানা গেছে, বন্ধের পূর্বে খুলনা মহানগরীর রূপসা ঘাট থেকে ফুলতলা বাসস্ট্যান্ড পর্যন্ত ৬৫টি নগর পরিবহন বাস চলাচল করতো। নগর পরিবহন নামে পরিচিত এই বাসে স্বল্প খরচে যাতায়াত করতেন নিম্ন আয়ের মানুষ ও শিক্ষার্থীরা। বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে রূপসা থেকে ফুলতলা পর্যন্ত সাধারণ যাত্রী এবং শিক্ষার্থীদের যাতায়াতে ইজিবাইক ও মাহিন্দ্রার ওপর নির্ভর করতে হয়। ফলে অধিক ভাড়াও গুণতে হয়। নগর পরিবহন ফের চালু হলে শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বল্প ভাড়ায় নগরে চলাচল করতে পারবে।
নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব বলেন, বহুল প্রতীক্ষিত খুলনায় নগর পরিবহন চালু হয়েছে। এতে স্বল্প আয়ের মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীরা অল্প খরচে যাতায়াত করতে পারবে। আমরা দীর্ঘদিন ধরে নগর পরিবহন চালুর দাবি জানিয়ে আসছিলাম। আমাদের সে দাবিকে বাস্তবায়ন করায় খুলনা মোটর বাস মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।