বাসাইলে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
টাঙ্গাইলের বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম নামের এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
শনিবার বিকেলে উপজেলার কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ব্রাক্ষনকুশিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. ইয়াছিন ও কোরবান আলীর ছেলে সাইদুল ইসলাম মিন্টু।
স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা বাসাইল কলেজপাড়া আসলে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী তিনজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে রাস্তায় রাকিবুল মারা যান।
বাসাইল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল ৫টার দিকে বাসাইল কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী তিনজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে রাকিবুলের মৃত্যু হয়। লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।