ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্যবসায়ীকে জিম্মি করে ছিনতাই, সাবেক মেয়র ছেলে আটক 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৫, ৮ জুলাই ২০২২
ব্যবসায়ীকে জিম্মি করে ছিনতাই, সাবেক মেয়র ছেলে আটক 
গ্রেফতারকৃতরা-ছবি ডেইলি বাংলাদেশ

নরসিংদীর মাধবদী এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে মাসুদ মিয়া নামে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার সময় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে ঐ ব্যবসায়ীর ছোট ভাই মামলা করার পর আটককৃতদের ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ।

গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে মাধবদী শহরের সফিউদ্দিন রোড এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন মাধবদীর বিরামপুর এলাকার কাউসার মিয়ার ছেলে মাহবুবুর রহমান ওরফে ইয়াবা অপি, মাধবদীর সাবেক পৌর মেয়র মো. সফিউদ্দিন আহমেদের ছেলে বিপ্লব আহমেদ ও মাধবদীর কাশীপুর এলাকার স্বপন ঘোষের ছেলে শুভ ঘোষ।

ভুক্তভোগী ব্যবসায়ী মাসুদ মিয়া জানান, গতরাত প্রায় সাড়ে ১০টার দিকে সুপারশপ থেকে বের হয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে মাধবদী স্কুল সুপার মার্কেটের সামনে থেকে একটি ছিনতাইকারীচক্র তাকে অস্ত্রের মুখে জিম্মি করে সফিউদ্দিন রোডের একটি সাইজিং মিলের সামনে নির্জন গলিতে নিয়ে যায়। পরে তার সাথে থাকা ৭০ হাজার টাকা, এটিএম কার্ডসহ মানিব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তাকে মারধর করে বিকাশের মাধ্যমে আরও টাকা এনে দেওয়ার জন্য চাপ দেয়। পরে টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চক্রটির তিন সদস্যকে হাতে নাতে আটক করে।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী মাসুদের ছোট ভাই মোক্তার হোসেন বাদী হয়ে ওই তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেছেন। ওই মামলায় আটক তিনজনকে গ্রেফতার দেখিয়ে নরসিংদীর কারাগারে পাঠানো হয়।

মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) হারিছ আহমেদ জানান, বুধবার রাতে ঐ সাইজিং মিল সংলগ্ন স্থানে পরপর দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্থানীয় পথচারী ও ভুক্তভোগীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশের টহল অভিযান চলছিল। এ সময় ১৪ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মাহবুবুরসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পরে মাসুদকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, রাতের আঁধারে মানুষের টাকা ছিনিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের মধ্যে আসামি মাহবুবুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র রাখা, ডাকাতি, অপহরণ, হত্যাচেষ্টাসহ মোট ১৪টি মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!