ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রান্না ঘরে লুকিয়ে থাকা প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ গেল সোহাগীর, হাসপাতালে বাবা 

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৯, ৪ জুলাই ২০২২
রান্না ঘরে লুকিয়ে থাকা প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ গেল সোহাগীর, হাসপাতালে বাবা 
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নকলায় রান্না ঘরে লুকিয়ে থাকা প্রেমিক আরিফুল ইসলামের ছুরিকাঘাতে সোহাগী আক্তার নামে এক কলেজছাত্রী খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন কলেজছাত্রীর বাবা। 

সোমবার  ভোর ৫টার দিকে উপজেলার কায়দা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিক আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

নিহত সোহাগী আক্তার কায়দা এলাকার শহিদুল ইসলামের মেয়ে এবং সরকারি হাজী জালমামুদ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আরিফুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার কুতুরপুর ইউপির পূর্ব সিয়ারচর লালখা গ্রামের আলী হোসেনের ছেলে।

জানা যায়, গত রমজান মাস থেকে মোবাইল ফোনের মাধ্যমে আরিফুল ইসলামের সঙ্গে সোহাগী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে নারায়ণগঞ্জ থেকে এসে সোমবার রাতে নকলার কায়দা এলাকায় সোহাগীর বাড়ির রান্নাঘরে রাত্রিযাপন করেন আরিফুল। 

ভোরে সোহাগীর বাবা ঘরের দরজা খুলে বাইরে বের হলে আরিফুল ছুরি দিয়ে তাকে এলোপাতাড়িভাবে আঘাত করে। এ সময় তার চিৎকারে সোহাগী এসে বাধা দেয়। পরে সোহাগীকেও আরিফ এলোপাতাড়িভাবে ছুরি দিয়ে আঘাত করে। চিৎকার শুনে স্থানীয়রা আহত বাবা-মেয়েকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  এ সময় কর্তব্যরত চিকিৎসক সোহাগীকে মৃত ঘোষণা করেন।

বাবার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আরিফুলকে আটক করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!