ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

হঠাৎ বজ্রপাতে পুড়ল বসতঘর, প্রাণে বাঁচলো পুরো পরিবার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ১৫ জুন ২০২২
হঠাৎ বজ্রপাতে পুড়ল বসতঘর, প্রাণে বাঁচলো পুরো পরিবার
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া গ্রামের খান বাড়িতে বজ্রপাতে হাবিব খান নামে এক ব্যক্তির বসত ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার বিকেল সোয়া ৪ টার দিকে মতলব উত্তরে প্রবল ঝড়বৃষ্টির হয়। এ সময় উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া গ্রামের খান বাড়ির হাবিব উল্লাহ খানের ঘরে হঠাৎ বজ্রপাতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে তার পুরো ঘর পুড়ে যায়। বজ্রপাত হওয়ার সময় বিকট শব্দ হলে ঘরে থাকা লোকজন দৌড়ে নিজেদের রক্ষা করেন। বাড়ির লোকজন ও আশেপাশের লোকজন প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘরে থাকা হাবিব উল্লাহ খান বলেন, ঘরের মধ্যে আমি, আমার স্ত্রী ও ছেলে মেয়েরা বসা অবস্থায় ছিলাম। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয় ঘরে। কোনো রকমে দৌড়ে নিজেদের রক্ষা করেছি। মুহূর্তের মধ্যে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা ফ্রিজ, আলমারি, খাট, টিভি, সুকেস, সোফাসহ সব কিছুই পুড়ে গেছে।

ঘটনার পরপর মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!