ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়নে ভোটগ্রহণ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন, কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন এবং বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়ন ও আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন বুধবার। নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ও বাকি তিনটিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এরই মধ্যে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন অফিস। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচন ব্যালট পেপারে এবং বাকি তিন ইউনিয়নের নির্বাচন ইভিএমে হবে।
এসব ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ মেম্বার ও সংরক্ষিত মেম্বার পদে ১৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাটাই দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ মেম্বার পদে ২৮ জন ও সংরক্ষিত মেম্বার পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ মেম্বার পদে ৪৬ জন ও সংরক্ষিত মেম্বার পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া দরিয়াদৌলত ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ মেম্বার পদে ৩৬ জন, সংরক্ষিত মেম্বার পদে ৮ জন, আইয়ুবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ মেম্বার পদে ২৪ জন ও সংরক্ষিত মেম্বার পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসার মো. জিল্লুর রহমান বলেন, মঙ্গলবার সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে একজন অফিসারসহ পাঁচজন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া প্রতিটি ইউনিয়নে ১ প্লাটুন বিজিবি সদস্য ও র্যাবের একটি টিম নিয়োজিত থাকবে। প্রতি তিনটি ইউনিয়নের জন্য পুলিশের একটি মোবাইল টিম ও স্টাইকিং ফোর্স কাজ করবে। এছাড়া চারটি ইউনিয়নে তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।